দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, তারা জাতীয় পার্টির মতো ‘পোষা বিরোধী দল’ হবেন না এবং নিজেদের কর্মসূচি নিজেরাই ঠিক করবেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুরে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সারজিস আলম বলেন, ‘আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবো না। বিএনপি যেন সেই স্বপ্ন না দেখে। আমরা আমাদের কর্মসূচি নিজেরা ঠিক করবো।’
বিএনপির পক্ষ থেকে এনসিপির কর্মসূচি নিয়ে মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপির আমাদেরকে শেখাতে হবে না আমরা কীভাবে কর্মসূচি করবো। তারা বলছে এটা লংমার্চ না, রোডমার্চ। আবার কেউ কেউ বলছে লং ড্রাইভ। আমাদের এটা যদি লং ড্রাইভ হয়, তাহলে বেগম খালেদা জিয়া যেটা করেছিলেন, সেটাও লং ড্রাইভ। আর বেগম খালেদা জিয়ারটা যদি লংমার্চ হয়, তাহলে আমাদেরটাও লংমার্চ।’
তিনি আরও বলেন, ‘আপনারা যখন মার্চ টু ডেমোক্রেসির ঘোষণা দিয়েছিলেন, তখন শুধুমাত্র একটি বালুর ট্রাক দিয়ে আপনাদের পুরো লংমার্চকে শেষ করে দেওয়া হয়েছিল। আপনারা বালুর ট্রাককেও সরাতে পারেন নাই। আপনারা বিরোধী দল হিসেবে ব্যর্থ হয়েছিলেন সেই লংমার্চ দিতে। সেই ব্যর্থ বিরোধী দলের নসিহত নিয়ে আমাদেরকে বিরোধী দলের কার্যক্রম ঠিক করে দিতে হবে না।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির পিরোজপুর জেলা আহ্বায়ক হুমায়ুন কবির। এতে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ডা. মাহমুদা আলম মিতু, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএম/